অপারেশন সিঁদুরের নায়ক এবার রামমন্দিরের দায়িত্বে!
বার্তা ডেস্কঃ
অযোধ্যার ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রথম সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) হিসেবে নিযুক্ত হতে চলেছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। দেশের সুরক্ষায় ‘অপারেশন সফেদ সাগর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’-এ কমান্ডারের দায়িত্ব সফলভাবে সামলেছেন তিনি। ট্রাস্টের শীর্ষস্তরের বৈঠকেই তাঁর নাম চূড়ান্ত হয়েছে।
সম্প্রতি রামমন্দিরের কোটি কোটি টাকার প্রণামী চুরি সংক্রান্ত বিতর্কের পর মন্দির পরিচালনার দৈনন্দিন কাজ তদারকির জন্য একজন পূর্ণ সময়ের সিইও নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাস্ট। এর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং শিল্পপতি সুরেশ হাওয়ারে—এই তিন সদস্যের একটি ‘সার্চ কমিটি’ গঠন করা হয়।
সমগ্র দেশ থেকে আসা ৫,৫৮৫টি আবেদনের মধ্যে আইএএস, আইপিএস এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিক যাচাইয়ের পর ১৬ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয় কমিটি। সবশেষে বিপুল এই আবেদন তালিকা থেকে যোগ্যতম ব্যক্তি হিসেবে এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রের নামেই সিলমোহর পড়তে চলেছে।