ডাক্তার দেখিয়ে ফেরার পথেই সব শেষ, চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু অন্তঃসত্ত্বার!

বার্তা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ বছরের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। মৃতার নাম বর্ণালি সাঁতরা বেরা। বুধবার চিকিৎসকের কাছ থেকে স্বামীর সঙ্গে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর-শ্রীকণ্ঠা রাস্তার ভূঁইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেই সময় একটি দ্রুতগামী ও বেপরোয়া পিকআপ ভ্যান তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনার আকস্মিকতায় বাইক থেকে ছিটকে পড়েন ওই মহিলা এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

এই হৃদয়বিদারক ঘটনার পরেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, সংকীর্ণ ওই রাস্তায় প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে ভারী ও বড় যানবাহন চলাচলের কারণেই এই ধরণের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভ সামাল দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে পাঠায়। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *