বিলাসবহুল হোটেলের আড়ালে বিষাক্ত খাবার! ফাইভ স্টারদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি FSSAI-এর

বার্তা ডেস্কঃ

পকেটের রেস্ত খসিয়ে যারা বিলাসবহুল পাঁচতারা হোটেলে রাজকীয় আতিথেয়তা আর প্রিমিয়াম খাবারের স্বাদ নিতে ভালোবাসেন, তাঁদের জন্য অপেক্ষা করছে চোখ কপালে তোলার মতো খবর। সম্প্রতি দেশের নামীদামী ফাইভ স্টার হোটেলগুলির রান্নাঘরের গোপন চিত্র প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ‘এফএসএসএআই’ (FSSAI)।

সম্প্রতি দিল্লি-এনসিআরের অ্যারোসিটির মতো অভিজাত এলাকার জে ডব্লিউ ম্যারিয়ট ও আন্দাজ-এর মতো খ্যাতনামা ফাইভ স্টার হোটেলগুলিতে আচমকাই অভিযান চালান FSSAI-এর আধিকারিকরা। তল্লাশি চালাতে গিয়ে রান্নাঘরের ভয়াবহ চিত্র দেখে চমকে ওঠেন তারা— মেয়াদোত্তীর্ণ ও পচা কাঁচামাল, থিকথিক করছে তেলাপোকা ও কীটপতঙ্গ, আর খাবার সংরক্ষণের নামমাত্র ব্যবস্থা!

এই ঘটনার পর বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ FSSAI। সংস্থার সিইও রজিত পুহানি দেশের সমস্ত শীর্ষস্থানীয় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন এবং সাফ জানিয়ে দেন, খাদ্য সুরক্ষায় সামান্যতম গাফিলতিও বরদাস্ত করা হবে না।

হোটেলগুলিকে অবিলম্বে রান্নাঘরের হাইজিন উন্নত করা, সমস্ত কর্মীদের বাধ্যতামূলক ‘ফুড সেফটি ট্রেনিং’ (FoSTaC) দেওয়া এবং নিয়মিত ‘থার্ড-পার্টি সেফটি অডিট রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম অমান্য করলে সরাসরি হোটেলের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে নিয়ামক সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *