মাঠ দখল করে নির্মাণ! ফলতায় অভিষেক ঘনিষ্ঠের কাজ সরানোর নির্দেশ হাইকোর্টের

বার্তা ডেস্কঃ

আবারও নতুন আইনি জটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তাঁর ‘সেবাশ্রয়’ প্রকল্পের দুটি কাঠামো ভেঙে ফেলার দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে সেই মামলার শুনানিতে আদালত মন্তব্য করে, মেডিকেল কলেজের নামে তৈরি এই অস্থায়ী নির্মাণ এবার সরিয়ে নেওয়া হোক। এমনকি আদালত এও প্রশ্ন তোলে যে, পুলিশ ডেকে এই নির্মাণ সরাতে হবে, নাকি রাজ্য নিজেই তা সরিয়ে দেবে?

মামলাকারী আইনজীবী ও স্থানীয় বাসিন্দা আমিনুদ্দিন খানের অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশে একটি সরকারি খেলার মাঠ দখল করে বেআইনিভাবে সেবাশ্রয়ের এই দুটি কাঠামো গড়ে তোলা হয়েছিল। আগে সেখানে বিভিন্ন মেলা, সরকারি অনুষ্ঠান এবং স্কুল ও স্থানীয়দের ফুটবল-ক্রিকেট প্রতিযোগিতা হতো। কিন্তু এই নির্মাণের ফলে সাধারণ মানুষের ব্যবহারের সেই মাঠ নষ্ট হচ্ছে।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা কেন্দ্রের মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই সুবিশাল সেবাশ্রয় কেন্দ্রটি গড়ে তুলেছিলেন। বর্তমানে পরিষেবা বন্ধ থাকলেও বেআইনি কাঠামো দুটি মাঠেই রয়ে গেছে।

মামলার সমস্ত পদ্ধতিগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *