বিদ্রোহী সাংসদদের বড় জয়! স্পিকারের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস তৃণমূল শিবিরে?
বার্তা ডেস্কঃ
September 4, 202611:33 am
কালীঘাট ও তৃণমূল নেতৃত্বের সমস্ত আর্জিকে কার্যত উপেক্ষা করে লোকসভার বিদ্রোহী ২০ জন এনসিপিআই সাংসদকে আরও তিন সপ্তাহ সময় দিলেন স্পিকার ওম বিড়লা। দলত্যাগ করে এনসিপিআই-তে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়দের বক্তব্য জমা দেওয়ার শেষ সময়সীমা ১ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে। লোকসভা সচিবালয়ের এই সিদ্ধান্তের ফলে আপাতত স্বস্তিতে থাকলেও খাতায়-কলমে স্বীকৃতি না পাওয়ায় তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটছে না। মথুরাপুরের সাংসদ বাপি হালদার সহ বিদ্রোহী শিবিরের একাংশের তরফ থেকে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করা হয়েছিল, যা লোকসভা সচিবালয় মঞ্জুর করেছে।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমূল ছেড়ে এনডিএ সমর্থিত এনসিপিআই-তে যোগ দেন এই ২০ জন সাংসদ। সংসদে তাঁদের আসন বদল হলেও এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। এই বিলম্বের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়ে স্পিকারের দ্বারস্থ হলেও সুনির্দিষ্ট সুরাহা হয়নি। এদিকে তৃণমূল ত্যাগের পর নিজেদের সংসদীয় এলাকাতেও নানা প্রশ্নের মুখে পড়ছেন এই ‘স্বীকৃতিহীন’ জনপ্রতিনিধিরা। ‘না ঘরকা না ঘাটকা’ এই জটিল পরিস্থিতিতে আগামী ২২ সেপ্টেম্বর তাঁরা কী জবাব দেন এবং পুজোর আগে স্পিকার কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার।