ম্যাজিক ওষুধে সুস্থ রামলাল! ফের জঙ্গল কাঁপাচ্ছে সে
বার্তা ডেস্কঃ
September 4, 202611:33 am
চিকিৎসায় সাড়া দিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরল জঙ্গলমহলের সকলের প্রিয় বুনো হাতি ‘রামলাল’। সম্প্রতি পায়ে গুরুতর ক্ষত নিয়ে অসুস্থ অবস্থায় মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের একটি এলাকায় শুয়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। হাতিটির দ্রুত চিকিৎসার দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে গত ১ সেপ্টেম্বর বনদপ্তর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রাণী চিকিৎসক চঞ্চল দত্ত, সত্যেন দাস ও মৃণাল রানার সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম পরীক্ষা করে দেখে, ‘রামলাল’-এর পিছনের বাঁ পায়ের নিচে কিছুটা অংশ কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
অবস্থা বেগতিক বুঝে চিকিৎসকরা সুকৌশলে কুমড়োর সঙ্গে প্রয়োজনীয় ওষুধ খাইয়ে চিকিৎসা শুরু করেন। সেই ওষুধ খাওয়ার পরেই দ্রুত শারীরিক উন্নতি ঘটে এবং বৃহস্পতিবার সকালে লালগড় রেঞ্জের ঝিটকার জঙ্গলে তাকে প্রায় কুড়ি কিলোমিটার পথ স্বাচ্ছন্দ্যে হাঁটতে দেখা যায়। এর আগে গত এপ্রিল মাসে ‘শ্যামলাল’ নামের আরেকটি হাতির সঙ্গে লড়াইয়ে সে আহত হয়েছিল। ঝাড়গ্রামের এই বিশেষ হাতিটির প্রতি স্থানীয় মানুষের গভীর আবেগ ও সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। তার সুস্থতার খবরে জঙ্গলমহলের সাধারণ মানুষ ও বনকর্মীরা দারুণ স্বস্তি প্রকাশ করেছেন।