জন্মশতবর্ষের পুজোয় কলকাতার মণ্ডপে ফিরছেন মহানায়ক উত্তম কুমার!
বার্তা ডেস্কঃ
September 4, 202611:33 am
এবারের দুর্গোৎসবে কলকাতার বালিগঞ্জ সমাজসেবী সংঘের পূজামণ্ডপ সেজে উঠছে বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের স্মরণে। তাঁর অভিনীত ২০৮টি ছবির নানা জানা-অজানা মুহূর্ত, দুর্লভ পোস্টার এবং তৎকালীন ক্যালিগ্রাফির শিল্পকলায় ফুটিয়ে তোলা হচ্ছে কিংবদন্তি এই অভিনেতার বর্ণময় জীবন। গভঃ আর্ট কলেজের শিল্পীদের নিখুঁত ছোঁয়ায় মণ্ডপ জুড়ে ফুটে উঠছে ষাট ও সত্তর দশকের সোনালী দিনের নস্টালজিয়া, যা জেন-জি সহ সব বয়সের মানুষের কাছে মহানায়ককে নতুন করে আবিষ্কার করার এক অনন্য সুযোগ করে দিচ্ছে।
উৎসবের কদিন মণ্ডপে আগত দর্শনার্থীদের নিখাদ বাঙালিয়ানায় বরণ করে নিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। গিলে করা পাঞ্জাবি ও ঢাকাই পাড়ের ধুতি পরে অভ্যর্থনা জানাবেন পুজো কমিটির সদস্যরা, যেখানে দর্শনার্থীরা চাইলে মহানায়কের প্রিয় ফরাসেও বসতে পারবেন। এছাড়া উত্তম কুমারের জীবনের বিভিন্ন অজানা অধ্যায়, সিনেমার দুর্লভ দৃশ্য ও স্মৃতি রোমন্থনে থাকছে একটি ব্যতিক্রমী অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা। সবমিলিয়ে, এবারের পুজোয় শুধু প্রতিমা দর্শন নয়, বরং বাঙালির হৃদয়ের মহানায়ককে গভীরভাবে উপলব্ধি করার এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে।