মোদির জন্মদিনে বাংলাজুড়ে চমক, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ!
বার্তা ডেস্কঃ
September 4, 202611:33 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে রাজ্যে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করতে চলেছে রাজ্য বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিবসকে সামনে রেখে দলের বিভিন্ন গণসংগঠনকে সঙ্গে নিয়ে একমাস ধরে ব্যাপক জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই বিশেষ অভিযানের মূল আকর্ষণ হিসেবে প্রতিটি বুথে ও বাড়ি বাড়ি ‘আশীর্বাদ কা দিয়া’ বা আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন করা হবে, যা মোদির দীর্ঘায়ু এবং ২৫ বছরের জনসেবার প্রতীক হিসেবে তুলে ধরা হবে।
দলীয় সূত্রের খবর অনুযায়ী, এই মেগা কর্মসূচির অঙ্গ হিসেবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, পথনাটক এবং বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বুথ স্তরে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার ভিডিও পাঠানো এবং ব্লক স্তরে ‘সেবা সেতু শিবির’ পরিচালনার পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের কাছে মোদি সরকারের সাফল্য পৌঁছে দিতে এবং তরুণ প্রজন্মকে সংগঠনের কাছাকাছি টানতে এই অভিনব রাজনৈতিক কৌশল নিয়েছে গেরুয়া শিবির।