ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা নিয়ে দিশেহারা স্বামীর আর্তনাদ, কার্ড কি আদৌ মিলবে?
বার্তা ডেস্কঃ
ক্যানসারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য অনুমোদিত আয়ুষ্মান কার্ড না পাওয়া, জমি দখল কিংবা বহু বছর ধরে বন্ধ পেনশন ও কাজের বকেয়া টাকা পরিশোধের মতো একঝাঁক দীর্ঘদিনের সমস্যা নিয়ে পুরুলিয়ার জেলা প্রশাসনিক ভবনের ‘জনতার দরবারে’ হাজির হন দূরদূরান্তের মানুষ। জেলাশাসক সুধীর কোন্থমসহ ঊর্ধ্বতন আধিকারিকরা স্বশরীরে উপস্থিতি থেকে সাধারণ মানুষের অভিযোগ শোনেন। সেখানেই নডিহার বিভাস ভৌমিক তাঁর স্ত্রীর চিকিৎসার আটকে থাকা আয়ুষ্মান কার্ডের কথা জানালে দ্রুত তা হস্তান্তরের আশ্বাস দেওয়া হয়, যা দীর্ঘ উৎকণ্ঠার পর ভুক্তভোগী পরিবারগুলোকে স্বস্তি দিয়েছে।
‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির আওতায় আয়োজিত এই জনশুনানি কেবল জেলাশাসকের দপ্তর নয়, বরং মহকুমাশাসক, বিডিও এবং পুলিশ সুপার কার্যালয়েও নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার নির্ধারিত সময়ে সাধারণ মানুষ সরাসরি আধিকারিকদের মুখোমুখি হয়ে নিজেদের অভিযোগ নথিভুক্ত করার সুযোগ পাচ্ছেন। সঙ্গে সঙ্গেই বেশ কিছু জটিলতার তাৎক্ষণিক নিষ্পত্তি করা হচ্ছে এবং বাকিগুলোর প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। মানুষের ভোগান্তি কমিয়ে স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।