প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা হামলা, গ্রেফতার মদ্যপ প্রেমিক!
বার্তা ডেস্কঃ
প্রেমিকা এক সপ্তাহ ধরে কথা বলা বন্ধ করে দেওয়ায় চরম সিদ্ধান্ত নিলেন এক যুবক। রাগের মাথায় মদ খেয়ে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়ে মারার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নাগার্জুন। তিনি এক মহিলার সঙ্গে গত ছয় বছর ধরে প্রেমে লিপ্ত ছিলেন। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হওয়ায় প্রেমিকা তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এই কষ্টে অত্যধিক মদ্যপান করে শুক্রবার ভোরে প্রেমিকার বাড়ি লক্ষ্য করে একটি পেট্রল বোমা নিক্ষেপ করেন তিনি। বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভাঙলেও ঘটনার পরপরই অভিযুক্ত দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের অপরাধের স্পষ্ট প্রমাণ পায়। ভিডিওটিতে তরুণীর বাড়ির সামনে নাগার্জুনকে বোমায় আগুন ধরাতে এবং ছুড়ে পালিয়ে যেতে দেখা যায়। এছাড়া স্থানীয় এক দোকানদারও তাঁকে শনাক্ত করেন। তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উল্লেখ্য, এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন তামিলনাড়ু বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক চলছে। বর্তমানে ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।