ইলিশ নাকি রুই? ভারতের কোন রাজ্যের প্রিয় মাছ কোনটি, জানুন এই তালিকায়!
বার্তা ডেস্কঃ
ভারতের হিমালয়ের ঠান্ডা জল থেকে দক্ষিণ ও পশ্চিমের সমুদ্র উপকূল পর্যন্ত প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব ‘রাজ্য মাছ’। পরিবেশগত ভারসাম্য রক্ষা, নিজস্ব ঐতিহ্য এবং স্থানীয় অর্থনীতির স্তম্ভ হিসেবে বিভিন্ন রাজ্য তাদের বিশেষ জলজ প্রজাতিকে এই মর্যাদা দিয়েছে। যেমন, জম্মু ও কাশ্মীরের ব্রাউন ট্রাউট, হিমাচল প্রদেশের গোল্ডেন মহাশীর, আসামে সুস্বাদু চিতল এবং ত্রিপুরায় পাবদা মাছকে দেওয়া হয়েছে রাজ্য মাছের স্বীকৃতি। অন্যদিকে, গোয়ায় শেভটো, মহারাষ্ট্রে পমফ্রেট এবং কেরালায় বিখ্যাত ‘কারিমিন’ এই তালিকায় স্থান করে নিয়েছে।
তবে নদীমাতৃক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারি ‘স্টেট ফিশ’ কোনটি? উত্তরটি হলো বাঙালির প্রিয় ‘ইলিশ’। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশকে (Tenualosa ilisha) রাজ্য মাছ হিসেবে ঘোষণা করে। জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত মৎস্য শিকারের কারণে বিপন্ন হতে বসা এই রূপোলি ফসলকে রক্ষা করা এবং এর আন্তর্জাতিক ঐতিহ্যকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। ভারতের এই রাজ্যভিত্তিক পরিচিতি কেবল কোনো তালিকা নয়, বরং দেশের সামগ্রিক জলজ জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র বাঁচিয়ে রাখার একটি বিশেষ অঙ্গিকার।