উত্তরবঙ্গে ভয়াবহ ধস, আজ ও কাল কোন ট্রেনগুলো বাতিল?

বার্তা ডেস্কঃ

নিউ ফরাক্কা ও তিলডাঙার কাছে রেললাইনে আচমকা ধস নামার কারণে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো প্রথম সারির ট্রেনগুলি। তবে যাত্রীদের সুবিধার্থে কেবল উত্তরবঙ্গ এক্সপ্রেস চালু রাখা হয়েছে। দীর্ঘক্ষণ স্টেশনে আটকে পড়ে টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান ভোগান্তির শিকার হওয়া অসংখ্য যাত্রী ও পর্যটক।

রেলসূত্রে জানা গেছে, সুরক্ষার স্বার্থেই আপাতত ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দ্রুত লাইন মেরামতের কাজ চালানো হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের সহায়তায় বিভিন্ন স্টেশনে হেল্পডেস্ক চালু করেছে রেল পুলিশ ও কর্তৃপক্ষ। ট্রেন বাতিলের এই হঠাৎ সুযোগকে কাজে লাগিয়ে ধর্মতলা থেকে বেসরকারি বাসগুলির ভাড়া একলাফে দ্বিগুণ বাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত মেরামতির জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পূর্ব রেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *