ড্রাইভিং লাইসেন্স হারানোর আগেই সতর্ক হোন, ট্রাফিক নিয়মে আসছে বড় পরিবর্তন!
বার্তা ডেস্কঃ
September 5, 202612:33 pm
সিগন্যাল ভাঙা বা ট্রাফিক নিয়ম অমান্য করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর দিন এবার শেষ হতে চলেছে। সামান্য কিছু টাকা জরিমানা দিয়ে পার পাওয়ার যে অভ্যাস ছিল, তাতে বড় ধাক্কা দিতে চলেছে কেন্দ্র। সম্প্রতি ‘সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’-এর ৬৬তম বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ী জানান, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শীঘ্রই একটি ‘গ্রেডেড পয়েন্ট সিস্টেম’ চালু হতে পারে। এই নতুন ব্যবস্থার আওতায় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই চালকের লাইসেন্সের রেকর্ড থেকে পয়েন্ট কাটা যাবে। ভুল বা অপরাধের মাত্রা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছালেই সাময়িক স্থগিত বা চিরতরে বাতিল হয়ে যেতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স।
তবে এই নিয়মে কেবল শাস্তির ব্যবস্থাই থাকছে না, বরং নিয়ম মেনে সঠিক ড্রাইভিং করা চালকদের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার বা ‘রিওয়ার্ড’-এর সুযোগ। যেসব চালকদের ড্রাইভিং রেকর্ড ভালো থাকবে এবং যারা ট্রাফিক আইন মেনে চলবেন, তাদের জন্য নেগেটিভ মার্কিংয়ের বদলে পজিটিভ মার্কিং দেওয়া হবে। ফলে ওই সমস্ত চালকেরা পরবর্তীতে বিভিন্ন বাইক ও গাড়ির বিমা সংস্থাগুলির থেকে বিশেষ আর্থিক ছাড় ও বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি, দেশে প্রায় আট কোটি নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে রাজ্যগুলিতে প্রাইভেট বাইক ট্যাক্সি চালানোর অনুমতি দেওয়ার পক্ষেও সওয়াল করেন কেন্দ্রীয় মন্ত্রী। সড়ক সুরক্ষা সুনিশ্চিত করতেই সরকারের এই বৈপ্লবিক পদক্ষেপ।