লম্বা ছুটিতে বাড়ি ফেরা অনিশ্চিত! ফরাক্কায় ধসে বাতিল একগুচ্ছ ট্রেন
বার্তা ডেস্কঃ
September 5, 202612:33 pm
শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনের সরকারি ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা ভেস্তে গেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রীর। প্রবল বৃষ্টির কারণে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের নীচের মাটি বসে যাওয়ায় শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসে যাওয়া অংশ মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। রেল সূত্রে জানানো হয়েছে, লাইন সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। হঠাৎ ট্রেন বাতিলের জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প হিসেবে অনেকেই বাসের দিকে ঝুঁকলেও দূরপাল্লার বাস কাউন্টারগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক রুটে বাসভাড়া অতিরিক্ত নেওয়ার অভিযোগও উঠছে। বন্দে ভারত ও শতাব্দী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলিও বাতিল তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা পরিবর্তন করা হয়েছে। রামপুরহাট ও সাহেবগঞ্জ পর্যন্ত চলছে কয়েকটি নির্দিষ্ট ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের স্টেশনে না গিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।