সন্তানদের সামনেই স্ত্রীকে পিটিয়ে খুন! রান্না না করায় মদ্যপ স্বামীর নৃশংসতা

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রের নাগপুরে রান্না না করে আবাসনের নাচের ক্লাসে যাওয়াকে কেন্দ্র করে ঘটে গেল চরম মর্মান্তিক এক ঘটনা। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী যামিনী যাদবকে (৩৮) খাবার দিতে বলেন স্বামী কৃষ্ণলাল যাদব। কিন্তু নাচের ক্লাসে যাওয়ার তাড়া থাকায় রান্না করতে অস্বীকার করেন যামিনী। তা নিয়ে দুজনের বচসা চরম আকার ধারণ করলে সন্তানদের সামনেই স্ত্রীর ঘাড় ও পেটে সজোরে আঘাত করেন কৃষ্ণলাল। মারাত্মক শারীরিক যন্ত্রণায় ছটফট করা স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ প্রাথমিক অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করলেও ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। রিপোর্টে জানা যায়, পেটে মারাত্মক আঘাত ও ঘাড়ের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি শ্বাসরোধের কারণেই যুবতীর মৃত্যু হয়েছে। এরপরই নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কৃষ্ণলালকে পুলিশ গ্রেপ্তার করে। দুই সন্তানের জননীর এমন করুণ ও নির্মম পরিণতিতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *