আবাস যোজনায় বড় সুখবর, বাড়ি তৈরির সাথে মিলবে বাড়তি ২৭,০০০ টাকা!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ সরকারের ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাড়ি তৈরির নির্দিষ্ট অনুদানের পাশাপাশি এবার উপভোক্তাদের শ্রমের মজুরি বাবদ এককালীন অতিরিক্ত ২৭,০০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বৈধ জবকার্ড বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড থাকা রাজ্যের প্রায় ১৯ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে খরচ হবে প্রায় ৫,০৩৫.৫০ কোটি টাকা।
কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর রাজ্য নিজস্ব তহবিলে ‘বাংলার বাড়ি’ (বর্তমানে ‘পশ্চিমবঙ্গ আবাস’) প্রকল্প চালু করেছিল। দ্বিতীয় পর্যায়ের ১৮ লক্ষ ৬৫ হাজার ৪৬৭ জন উপভোক্তা সম্প্রতি তাঁদের বকেয়া ৬০,০০০ টাকার কিস্তি পেয়েছেন। মূলত এই দ্বিতীয় পর্যায়ের প্রাপকদের জন্যই দিনে ৩০০ টাকা হিসাবে ৯০ দিনের কাজের মজুরি (২৭,০০০ টাকা) অতিরিক্ত হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম পর্যায়ে যাঁরা ইতিমধ্যেই বাড়ি তৈরির পুরো টাকা পেয়ে গিয়েছেন, তাঁরা এই বাড়তি মজুরি পাবেন না।
প্রশাসন সূত্রে জানা গেছে, কারা এই টাকা পাওয়ার যোগ্য তা নিখুঁত জবকার্ড যাচাইয়ের মাধ্যমে ঠিক করা হবে। এই যাচাই প্রক্রিয়ার বিস্তারিত রূপরেখা জানিয়ে সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। দিল্লির সবুজ সংকেত মিললেই তালিকা চূড়ান্ত করে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা পাঠাবে রাজ্য সরকার।