তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়িতে ইডির মেগা হানা, তোলপাড় রাজ্য রাজনীতি!
বার্তা ডেস্কঃ
সোমবার সাতসকালে বড়সড় ধাক্কা খেল শাসকদল তৃণমূল কংগ্রেস। আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে দলীয় রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল ৬টা থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচিতে নাদিমুলের বাড়ি, দপ্তর ও নিকটাত্মীয়ের আবাসে একযোগে এই ম্যারাথন অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সুরক্ষার সুবিধার্থে পুরো এলাকা মুড়ে ফেলা হয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে।
তদন্তের মূল ভিত্তি
ইডি সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া একটি এফআইআর (FIR)-কে কেন্দ্র করে তদন্ত শুরু করে ইডি। মামলাটিতে একটি নতুন ইসিআইআর (ECIR) নথিভুক্ত করার পর, প্রাথমিক তদন্তেই সাংসদ নাদিমুল হকের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের বেআইনি ও সন্দেহজনক লেনদেনের হদিশ পান আধিকারিকরা।
কলকাতায় সংবাদপত্র দপ্তর ও জামাইয়ের বাড়িতে তল্লাশি
অভিযানের অংশ হিসেবে কলকাতার পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের একটি উর্দু দৈনিক সংবাদপত্রের অফিসে পৌঁছায় ইডির একটি দল। পুরো ভবনটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। তদন্তকারীদের অনুমান, এই সংবাদপত্রের আড়ালেই কোটি কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন পরিচালিত হতো। এর পাশাপাশি পার্ক সার্কাস এলাকার পাশাপাশি নাদিমুলের জামাইয়ের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।
দিল্লিতে তালাবন্ধ বাংলো
অন্যদিকে, রাজধানী দিল্লিতে সাউথ অ্যাভিনিউয়ের ৬১ নম্বর বাংলোয় হানা দেন ইডি আধিকারিকরা। সরকারিভাবে বাংলোটি সাংসদ নাদিমুল হকের নামে বরাদ্দ থাকলেও, মূলত এটি তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। তবে সকালে ইডি অফিসাররা সেখানে পৌঁছে দেখতে পান মূল ফটকে তালা ঝুলছে এবং ভেতরে কোনো কর্মী নেই। তালা খুলে ভেতরে প্রবেশের জন্য তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন গোয়েন্দারা।
সাতসকালে ইডির এই আচমকা পদক্ষেপে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে।