পুজোর আগেই সুখবর! ৩৮% ডিএ ও আগাম বেতন নিয়ে এল রাজ্য সরকার
বার্তা ডেস্কঃ
দুর্গাপূজার মুখেই রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য এল বড় সুখবর। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে মহার্ঘ ভাতার (DA) হার বাড়িয়ে ৩৮ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, পুজোর ছুটির আগেই যাতে কর্মীরা অক্টোবর মাসের আগাম বেতন এবং এই বর্ধিত ডিএ হাতে পান, তার জন্য অর্থ দপ্তর বিশেষ উদ্যোগ নিচ্ছে।
অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত মূল বেতনের (Basic Pay) ওপর ভিত্তি করে এই ৩৮ শতাংশ ডিএ কার্যকর হবে আগামী মাসের প্রথম দিন থেকেই। রাজ্য সরকারের প্রত্যক্ষ কর্মচারীদের পাশাপাশি এই সিদ্ধান্তের সুবিধা পাবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। এছাড়াও পঞ্চায়েত, পৌরসভা এবং বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরাও একই সুবিধা পাবেন।
সাধারণ নিয়ম অনুযায়ী মাসের শেষ কর্মদিবসে বেতন দেওয়া হলেও, এবার উৎসবের আবহ বিবেচনা করে ছুটির আগেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। ফলে অক্টোবর মাসের শুরুতেই বর্ধিত ডিএ-সহ আগাম বেতন কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।