দিল্লি বহুতল ধস: ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে পলাতক পিজি মালিক!

বার্তা ডেস্কঃ

দিল্লির সত্য নিকেতনে মর্মান্তিক বহুতল ধসে ৭ জনের প্রাণহানির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত তথা পিজির মালিক হরিরাম গুপ্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রবিবারের দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করে এবং সোমবার হরিয়ানা-রাজস্থান সীমান্তের ভিওয়াডি এলাকা থেকে তাঁকে আটক করে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাস সংলগ্ন সত্য নিকেতনের ৫৫ গজ জমিতে ‘হোস্টেল ডেজ’ নামের ওই প্রাচীন বহুতলটি চালাতেন হরিরাম। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র ‘গ্রাউন্ড প্লাস ওয়ান’ (G+1) বা দোতলা ভবন নির্মাণের অনুমতি থাকলেও সব নিয়ম শিকেয় তুলে বেআইনিভাবে সেখানে পাঁচতলা বহুতল তৈরি করা হয়েছিল।

গত রবিবার যখন বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তখন সেখানে মেরামতির কাজ চলছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্প্রতি টানা বৃষ্টিতে বেসমেন্টে জল জমে ভবনটির ভিত চরম ঝুঁকিপূর্ণ ও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলেই এই বিপর্যয় ঘটে।

উল্লেখ্য, এলাকায় বিগত ১৫ বছর ধরে হার্ডওয়্যারের ব্যবসা চালানো হরিরামের পালম বিহার ও সেক্টর ২৩ এলাকাতেও একাধিক সম্পত্তি রয়েছে। সরকারি নিয়ম ভেঙে এই ধরনের প্রাণঘাতী বেআইনি নির্মাণ ও জালিয়াতির নেপথ্যে আর কোন কোন প্রভাবশালী জড়িত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *