সান দিয়েগোতে রানওয়েতেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ২!
বার্তা ডেস্কঃ
September 8, 202612:33 pm
ক্যালিফোর্নিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ সান দিয়েগোর ‘মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ এয়ারপোর্টে’ (Montgomery-Gibbs Executive Airport) দুর্ঘটনাটি ঘটে। বিমানটি টেকঅফ করছিল নাকি ল্যান্ড করছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা এখনো স্পষ্ট নয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ের কাছ থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে প্রায় ৩০ জন কর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পৌঁছেই তাঁরা দেখতে পান, একটি ছোট আকারের প্রাইভেট বিমান দাউদাউ করে জ্বলছে এবং ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে। চরম বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কর্মীরা বিমান থেকে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। তবে আগুনে তাঁদের দেহের সিংহভাগ ঝলসে যাওয়ায় শেষ রক্ষা হয়নি।
খবর পেয়ে সান দিয়েগোর দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের পর দমকলের তরফে জানানো হয়েছে, বিমানটির ফুয়েল ট্যাঙ্কে লিক থাকার কারণে জ্বালানি ছড়িয়ে পড়েছিল এবং তা থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে, একই দিনে মেরিল্যান্ডের ‘মন্টগোমারি কাউন্টি এয়ারপার্কে’ (Montgomery County Airpark) যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিমানের অবতরণে বিপত্তি ঘটে। বিমানের ভেতরে দু’জন ক্রু সদস্য আটকে পড়লেও, পরবর্তীতে তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।