দামোদরের চরে মিলল জীবন্ত মর্টার সেল, সোনামুখীতে তীব্র আতঙ্ক!
বার্তা ডেস্কঃ
September 8, 202612:33 pm
সোনামুখী: বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি এলাকায় দামোদর নদের পাড়ে উদ্ধার হলো একটি জীবিত মর্টার সেল। মঙ্গলবার সকালে নদীর চরে পরিত্যক্ত অবস্থায় এটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মর্টারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের।
উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেই এই একই এলাকা থেকে এমনই একটি মর্টার উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এসে সেটি নিষ্ক্রিয় করেন এবং ফরেনসিক রিপোর্টে জানা যায় সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। অল্প দিনের ব্যবধানে আবারও একই জায়গায় ঘাতক বিস্ফোরক উদ্ধার হওয়ায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। নদীগর্ভে আরও এমন মর্টার রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বিপজ্জনক এলাকাটি চিহ্নিত করে মৎস্যজীবীদের অবিলম্বে সতর্ক করা হয়েছে যাতে কেউ সেখানে না যান। সেনা বা বিশেষজ্ঞ দলের মাধ্যমে মর্টারটি কীভাবে দ্রুত নিষ্ক্রিয় করা যায়, প্রশাসন সেই প্রক্রিয়া শুরু করেছে।