স্ত্রীকে ফিরে পেতে ডিএনএ পরীক্ষার আর্জি জানালেন শুভ্রাংশু!
বার্তা ডেস্কঃ
September 10, 20267:34 pm
কলকাতা: নেপালে ভয়াবহ হড়পা বান বিপর্যয়ের পর ১৫ দিন কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি মানস সরোবর যাত্রায় যাওয়া শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। তবে অলৌকিক প্রত্যাবর্তনের আশা ছাড়ছেন না তাঁর স্বামী তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। তাঁর দৃঢ় বিশ্বাস, স্ত্রী শর্মিষ্ঠা এখনও সম্পূর্ণ সুস্থ রয়েছেন। শুধু তাঁর স্ত্রী-ই নন, যে ৩২ জনের পর্যটক দলের সঙ্গে তিনি গিয়েছিলেন, তাঁরা সকলেই জীবিত আছেন এবং সম্ভবত চিন-তিব্বত সীমান্তের কোনো অজানা জায়গায় আটকে রয়েছেন।
গত ২১ অগস্ট কলকাতার ‘চলো যাই’ নামক একটি পর্যটন সংস্থার মাধ্যমে ৩২ জনের দলটির সঙ্গে মানস সরোবরের উদ্দেশ্যে একাই রওনা হয়েছিলেন শর্মিষ্ঠা। কিন্তু নেপালের ওই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সরকারের তরফে নিখোঁজদের উদ্ধারে আশ্বাস দেওয়া হলেও এখনও মেলেনি স্পষ্ট কোনো উত্তর।
এই পরিস্থিতিতে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা। শুভ্রাংশুর অভিযোগ, ঘটনার পর থেকেই নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা স্বজনহারা পরিবারগুলোর যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রশাসনের কাছে নির্ভুল ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
নিখোঁজদের শনাক্তকরণে ইতিমধ্যেই প্রশাসনের তরফে ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে। তবে কোনো ভুল যেন না হয়, তা নিশ্চিত করতে অন্ততঃ দু’বার ডিএনএ পরীক্ষা করার বিশেষ অনুরোধ জানিয়েছেন শুভ্রাংশু। একই সঙ্গে নিখোঁজ ভারতীয়দের দ্রুত উদ্ধার করতে ভারত সরকারকে আন্তর্জাতিক স্তরে আরও বেশি উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।