লাদাখ ইস্যুতে ফের বড় আন্দোলন, সোনম ওয়াংচুকের ৭ দিনের আল্টিমেটাম!
বার্তা ডেস্কঃ
September 11, 20268:33 am
নয়াদিল্লি / লেহ: লাদাখের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তপশিলের আওতায় সাংবিধানিক সুরক্ষার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের তীব্র সুর চড়ালেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সঙ্গে সাম্প্রতিক আলোচনা সম্পূর্ণ নিষ্ফল হওয়ার পর কেন্দ্রকে এক সপ্তাহের চরম সময়সীমা (ডেডলাইন) বেঁধে দিয়েছেন তিনি।
সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না মিললে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পুরো লাদাখ জুড়ে ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার চরম হুঁশিয়ারি দিয়েছেন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত এই পরিবেশকর্মী।
বৈঠকে হতাশা ও কেন্দ্রকে কটাক্ষ সম্প্রতি নয়াদিল্লির লাদাখ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রকের সাব-কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন ‘লেহ অ্যাপেক্স বডি’ (LAB) এবং ‘কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ (KDA)-এর প্রতিনিধিরা। কিন্তু সেই আলোচনা থেকে লাদাখবাসীর ঝুলিতে কোনো ইতিবাচক সিদ্ধান্তই আসেনি বলে সাংবাদিক সম্মেলনে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রতিনিধিরা। এই বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোশাল মিডিয়ায় একটি পুরোনো কমেডি শো-এর ক্লিপ শেয়ার করেন ওয়াংচুক। এর মাধ্যমে আলোচনার নামে যে কেবল সময় নষ্ট করা হচ্ছে, তা-ই বোঝাতে চেয়েছেন তিনি।
স্থগিত পদযাত্রা ফের শুরুর বার্তা সেপ্টেম্বর মাসটিকে ‘শহিদ মাস’ হিসেবে পালন করছে লেহ অ্যাপেক্স বডি। এই উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর কার্গিল থেকে লেহ পর্যন্ত একটি পদযাত্রার কথা থাকলেও, স্বরাষ্ট্র মন্ত্রকের আলোচনার কথা মাথায় রেখে তা আপাতত স্থগিত রাখা হয়েছিল। তবে সোনম ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে সন্তোষজনক সমাধান না মিললে ২৪ সেপ্টেম্বরের আগেই ওই বন্ধ থাকা পদযাত্রা ও বিশাল বিক্ষোভ কর্মসূচি নতুন করে শুরু করা হবে।
উল্লেখ্য, লাদাখের স্বায়ত্তশাসনের দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে গত বছর হিংসাত্মক ঘটনার অভিযোগে যোধপুর জেলে ছ’মাস বন্দি ছিলেন ওয়াংচুক। চলতি বছরের মার্চে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর এই নতুন আন্দোলনের ডাক স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ বাড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে।