পুজোর মুখেই বড় ধাক্কা, বাতিল হাওড়া-পুরী সহ একঝাঁক ট্রেন!
বার্তা ডেস্কঃ
September 12, 20268:33 am
উৎসবের মরশুম শুরু হওয়ার ঠিক মুখেই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, বালিচক স্টেশন এলাকার উন্নয়নমূলক কাজের জন্য আগামী ১৯ এবং ২০ সেপ্টেম্বর একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার এক্সপ্রেস এবং মেদিনীপুর-হাওড়া রুটের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল রাখা হবে।
কেন এই সার্ভিস ব্লক? দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, বালিচক স্টেশনের লেভেল ক্রসিংয়ের ওপর একটি রোড ওভারব্রিজ (ROB) তৈরির কাজ চলছে। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর নির্মীয়মাণ এই ব্রিজে স্টিলের ভারী গার্ডার বসানো হবে। লাইনে নিরাপত্তা বজায় রেখে মসৃণভাবে এই কাজ সম্পন্ন করতেই দু’দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ টানার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাতিল ট্রেনের তালিকা:
১৯ সেপ্টেম্বর বাতিল এক্সপ্রেস:
- ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস
- ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস
- ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
- ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
- ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
১৯ এবং ২০ সেপ্টেম্বর বাতিল এক্সপ্রেস:
- ২২৮৮৯/২২৮৯০ দিঘা-পুরী-দিঘা এক্সপ্রেস
বাতিল ইএমইউ (EMU) লোকাল ট্রেন:
- ১৯ সেপ্টেম্বর: ৩৮৭২৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল।
- ২০ সেপ্টেম্বর: ৩৮৮০১ ও ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৭০২, ৩৮৭০৪, ৩৮৭০৫ ও ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল এবং ৩৩৮০২ মেদিনীপুর-হাওড়া লোকাল।
বিকল্প ঘুরপথে চলবে যেসব ট্রেন:
ব্লকের কারণে ৩টি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনকে নির্ধারিত রুট পরিবর্তন করে চালানো হবে:
১. ২২৫০২ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস (১৮ সেপ্টেম্বর যাত্রার ট্রেন): এটি রামপুরহাট-সাঁইথিয়া-অন্ডাল-আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে যাবে।
২. ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস (১৮ সেপ্টেম্বর যাত্রার ট্রেন): এটিও উপরের একই বিকল্প পথে চালিত হবে।
৩. ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস (১৯ সেপ্টেম্বর যাত্রার ট্রেন): এই ট্রেনটিকে হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া রুট ধরে চালানো হবে।
পুজোর কেনাকাটা বা ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রীদের ট্রেনের সময়সূচি ও বর্তমান স্থিতি জেনে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।