ফাস্টট্যাগে বড় বদল, নতুন স্টিকারের আর প্রয়োজন নেই!
বার্তা ডেস্কঃ
September 12, 20269:33 am
গাড়ি চালকদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্র। এ বার থেকে ফাস্টট্যাগের ব্যাঙ্ক পরিবর্তন করতে চাইলে গাড়ির উইন্ডস্ক্রিনের পুরনো স্টিকার খুলে নতুন করে ট্যাগ লাগানোর কোনো প্রয়োজন নেই। একই ফাস্টট্যাগ আইডি ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অপরিবর্তিত রেখে সুবিধাজনক ব্যাঙ্ক বেছে নেওয়ার অভিনব প্রযুক্তি ‘ওয়ানট্যাগ’ (OneTag) চালু করল সরকার।
মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ এই যুগান্তকারী পরিষেবার আনুষ্ঠানিক উন্মোচন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি। ভারতীয় হাইওয়েজ ম্যানেজমেন্ট কো ম্পা নি লিমিটেড (IHMCL) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) যৌথভাবে এই সিস্টেমটি তৈরি করেছে।
আগে ফাস্টট্যাগের পরিষেবা প্রদানকারী ব্যাঙ্ক বদলাতে গেলে পুরনো ট্যাগ নিষ্ক্রিয় করা, নতুন ব্যাঙ্কে পুনরায় আবেদন করা এবং কাচে নতুন স্টিকার সাঁটানোর দীর্ঘ ও ঝামেলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। এতে যেমন বাড়তি টাকা খরচ হতো, তেমনই সময় নষ্ট হতো।
নতুন এই সুবিধায় সমস্ত জটিলতার অবসান ঘটছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-র অফিসিয়াল ‘রাজমার্গযাত্রা’ (Rajmargyatra) মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই এই সুবিধা পাবেন। অ্যাপে পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের পর পছন্দের ব্যাঙ্ক বেছে নিলেই নতুন ব্যাঙ্ক আপনার ফাস্টট্যাগ পরিচালনার দায়িত্ব নিয়ে নেবে। আর পুরনো ব্যাঙ্কের ওয়ালেটে থাকা অবশিষ্ট টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়া যাবে বা বকেয়া হিসাব পরিষ্কার হয়ে যাবে। এই উদ্যোগের ফলে সাধারণ ব্যবহারকারীদের স্বাধীনতা বাড়ার পাশাপাশি বারবার ফাস্টট্যাগ ছাপানো ও বিতরণের খরচও বিপুল পরিমাণে কমবে।