পাকিস্তানে ১০ দিনে ৬ হিন্দু নাবালিকা অপহরণ, বাড়ছে চরম ক্ষোভ!
বার্তা ডেস্কঃ
September 12, 202611:33 am
পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন ও জোরপূর্বক ধর্মান্তরকরণের ঘটনা থামছেই না। দেশটির সিন্ধ প্রদেশে দুই হিন্দু নাবালিকা বোনকে অপহরণের পর জোর করে ধর্মান্তরিত ও বিয়ে দেওয়ার অভিযোগে ফের বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি ঘটনার খবর ও ভিডিও প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের সাংবাদিক ও মানবাধিকারকর্মী ভিঙ্গাস।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, করাচির ইব্রাহিম কলোনির কোলহি সম্প্রদায়ের সীতা ও রুপি নামের দুই নাবালিকা বোনকে কিছু দুষ্কৃতী অপহরণ করে। এরপর তাদের জোর করে ইসলামে ধর্মান্তরিত করে আমজাদ সোলাঙ্গি ও মনসুর সোলাঙ্গি নামের দুই যুবকের সাথে বিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি আদালতে উঠলে নাবালিকা দুই বোন মা-বাবার কাছে ফিরে যাওয়ার জন্য আকুল আবেদন জানায়। তবে সিন্ধের তান্ডো আল্লাহির স্থানীয় আদালত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিয়ে দুই বোনকে সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেয়। এই রায় শুনে আদালতের বাইরেই পরিবারসহ কান্নায় ভেঙে পড়ে ওই দুই নাবালিকা।
আমেরিকার সিন্ধি মানবাধিকার সংগঠন ‘সিন্ধ রেনেসাঁ’-র রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার মাত্র একদিন পরেই একই এলাকা থেকে পানসি কোলহি নামের আরও এক হিন্দু নাবালিকাকে অপহরণ করা হয়েছে। তথ্য বলছে, গত ১০ দিনে সিন্ধ প্রদেশেই অন্তত ছয়জন হিন্দু নাবালিকাকে অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে।
পাকিস্তানের সিন্ধ প্রদেশেই সবচেয়ে বেশি দরিদ্র ও প্রান্তিক হিন্দু জনগোষ্ঠীর বসবাস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক স্তরে বারবার উদ্বেগ প্রকাশ সত্ত্বেও দেশটিতে সংখ্যালঘু মেয়েদের তুলে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া, মন্দির ভাঙচুর এবং ধর্মীয় অবমাননা আইনের অপব্যবহার করে অত্যাচার চালানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে পাক সমাজকর্মী সোরাথ সিন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, “হিন্দু সিন্ধিরা তাঁদের মাতৃভূমি ছাড়তে চান না বলেই কি এই নিপীড়ন? দয়া করে আমাদের মেয়েদের বাঁচান!”