সৌদির পাইপলাইনে ভয়াবহ ড্রোন হামলা, পাশে দাঁড়িয়ে কড়া বার্তা ইউএই-র!
বার্তা ডেস্কঃ
September 12, 20268:33 pm
সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। ইরাকের মাটি থেকে চালানো এই হামলাকে সৌদির সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে বন্ধু দেশের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছে আবু ধাবি।
রিয়াদ ও মদিনা অঞ্চলের ওপর দিয়ে যাওয়া এই প্রধান তেল পাইপলাইনে হামলার পর ইউরোপীয় স্যাটেলাইট চিত্রে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার পর বড় ধরনের ক্ষতি এড়াতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ আপাতত সাময়িকভাবে বন্ধ রেখেছে সৌদির শক্তি মন্ত্রক।
এক যৌথ বিবৃতিতে ইউএই-র বিদেশ মন্ত্রক জানায়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। দেশের নাগরিক ও সম্পদ রক্ষায় রিয়াদ যেকোনো জরুরি আইনি বা সামরিক পদক্ষেপ নিলে ইউএই তাদের পাশে থাকবে। একইসঙ্গে এই ধরনের জঙ্গি হামলা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
উল্লেখ্য, ইরাকি প্রধানমন্ত্রী নিজের দেশের মাটি ব্যবহার করে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করার অঙ্গীকার করে কিছুটা সময় চেয়েছিলেন। তাঁর সেই অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সৌদি আরব আপাতত পাল্টা সামরিক হামলা থেকে বিরত রয়েছে। তবে সৌদির বিদেশ মন্ত্রক স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রাখতে উপযুক্ত সময়ে কড়া জবাব দেওয়ার পূর্ণ অধিকার রিয়াদের রয়েছে।