বালি-পাথর মাফিয়া টুলুর সব কন্ট্রাক্ট বাতিল, বড় পদক্ষেপ পুরমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
September 20, 202610:00 am
অধরা পাথর ও বালি মাফিয়া টুলু মণ্ডলের সংস্থার বিরুদ্ধে অত্যন্ত কড়া পদক্ষেপ করল প্রশাসন। আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি (ADDA)-র হাতে থাকা টুলুর সংস্থার সমস্ত কাজের বরাত একঝটকায় বাতিল করার নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই আসাম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করার জন্য নতুন করে টেন্ডার ডাকার কথা বলা হয়েছে।
বৈঠকে কড়া বার্তা মন্ত্রীর শুক্রবার দুর্গাপুরে এডিডিএ-র দপ্তরে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী সাফ জানান, “কোনো ফেরার অভিযুক্তের কো ম্পা নিকে দিয়ে সরকারি কাজ করানো যাবে না।”
বছরের পর বছর বকেয়া কাজ উল্লেখ্য, বাম আমলে উত্থান হলেও পরবর্তী সময়ে পশ্চিম বর্ধমান জুড়ে জাঁকিয়ে বসেছিল টুলু মণ্ডলের বেআইনি পাথর ও বালির ব্যবসা। নিজেকে নির্মাণ ব্যবসায়ী হিসেবে তুলে ধরতে ‘মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থাও খোলেন তিনি।
- রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুক: ২০২৪ সালের এপ্রিলে অনলাইন টেন্ডারের মাধ্যমে দুর্গাপুর পুরসভার ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের ৩.৬ কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের কাজ পায় এই সংস্থা। ৮ মাসের মধ্যে কাজ শেষের কথা থাকলেও ২ বছরের বেশি সময় ধরে রাস্তা আসাম্পূর্ণ পড়ে রয়েছে।
- আইমা গ্রামের রাস্তা: কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতে ১ কোটি টাকা ব্যয়ে পেভার ব্লকের রাস্তা তৈরির বরাতও পেয়েছিল টুলুর সংস্থা। সেই কাজও থমকে।
ভোগান্তিতে আমজনতা ও ট্রাক চালকেরা রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বেপাত্তা টুলু মণ্ডল। ফলে বন্ধ দুটি রাস্তার নির্মাণকাজও। বর্ষার জল জমে রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের রাস্তায় ফেলা ব্যালেস্ট ও স্টোন ডাস্ট উঠে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছেন কারখানা কর্মী ও লরি চালকেরা।
প্রশাসন জানিয়েছে, প্রক্রিয়া মেনে দ্রুত নতুন টেন্ডার ডেকে অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিয়ে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা হবে।