বউকে দিনে ৪ বার বলুন ‘আই লাভ ইউ’! কানপুরের মঞ্চে ওয়াইসির আজব প্রেম মন্ত্র
বার্তা ডেস্কঃ
September 21, 20263:52 pm
জনসভার মঞ্চ মানেই রাজনীতির আক্রমণ, প্রতিপক্ষকে তোপ আর উত্তপ্ত ভাষণ। কিন্তু উত্তরপ্রদেশের কানপুরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে দেখা গেল সম্পূর্ণ নতুন এক মেজাজে। কড়া রাজনৈতিক বক্তব্যের মাঝেই দাম্পত্য জীবনে কীভাবে প্রেম টিকিয়ে রাখতে হয়, তার এক অভিনব কায়দা শিখিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন হায়দরাবাদের এই সাংসদ।
সংসার সুখী রাখার ‘ওয়াইসি ফর্মুলা’ কানপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সংসারে খিটখিটে মেজাজ ও ছোটখাটো অশান্তি দূর করতে স্বামী-স্ত্রীর ভালোবাসা প্রকাশ করা অত্যন্ত জরুরি। তাঁর পরামর্শ—সকালে ঘুম থেকে ওঠার পর এবং সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে দিনে অন্তত ২ থেকে ৪ বার স্ত্রীকে ‘আই লাভ ইউ’ বলা উচিত। শুধু তা-ই নয়, স্ত্রীর চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় ‘I LOVE YOU MY DEAR’ বলার পরামর্শ দেন তিনি। ওয়াইসির মতে, এই ছোট অভ্যাসে ঘরের পরিবেশ শান্ত থাকে এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয়। এই একই সভায় অনুগামীদের ‘আই লভ মহম্মদ’ স্লোগান তুলতেও উৎসাহিত করেন তিনি।
২০২৭ নির্বাচন ও সপাকে আল্টিমেটাম দাম্পত্যের সহজ টিপস দেওয়ার পর মুহূর্তেই অবশ্য চেনা কড়া রাজনৈতিক রূপে ফেরেন এআইএমআইএম প্রধান। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কানপুর ক্যান্টনমেন্ট আসন থেকে তাঁদের দল নিশ্চিতভাবে প্রার্থী দেবে। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট গড়ার প্রশ্নে সমাজবাদী পার্টিকে (SP) আগামী ২ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন তিনি।
রাজনৈতিক মঞ্চে সাধারণত নীতি ও প্রতিপক্ষের সমালোচনাই বেশি শোনা যায়, তবে ওয়াইসির এই ‘লাভ গুরু’ অবতার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একদিকে পারিবারিক সম্পর্কের পাঠ আর অন্যদিকে নির্বাচনের কড়া হুঁশিয়ারি—সব মিলিয়ে ওয়াইসির এই জনসভা এখন উত্তরপ্রদেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।