নন্দীগ্রাম ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ, কংগ্রেসকে তোপ দাগলেন তিনি!
বার্তা ডেস্কঃ
September 23, 20269:05 am
উপনির্বাচনের বাদ্যি বাজতেই নন্দীগ্রাম ও রেজিনগরে চড়ছে রাজনীতির পারদ। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি ঘিরে এবার সরগরম রাজ্য রাজনীতি। শিলিগুড়িতে দাঁড়িয়ে এই ইস্যুতে বিরোধী দলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কংগ্রেসকে সরাসরি নিশানা করে দিলীপ ঘোষ বলেন, “কংগ্রেসের কী দুর্দশা! চোর-ডাকাত ছাড়া প্রার্থী পদে আর কাউকে খুঁজে পাচ্ছে না।” নিজের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, “আমার বিরুদ্ধেও ২৮টি মামলা রয়েছে এবং আমি নির্বাচনে হলফনামায় তা উল্লেখ করেছি। সমাজবিরোধী কাজ করলে আইনের মুখোমুখি হতেই হবে। ১০টি ফৌজদারি মামলা থাকার কারণেই অভিযুক্ত কংগ্রেস প্রার্থীকে পুলিশ গ্রেফতার করেছে।”
এখানেই না থেমে দুই উপনির্বাচনেই পদ্মশিবিরের জয়ের ইঙ্গিত দেন তিনি। দিলীপের দাবি, “উপনির্বাচনের খেলা তো শেষ হয়ে গিয়েছে। যাদের অ্যাকাউন্ট ফ্রিজ, দল থেকে এমপি-এমএলএ চলে গিয়েছেন, তাদের আর খেলার কী আছে? নন্দীগ্রাম ও রেজিনগর—উভয় কেন্দ্রেই বিজেপি জিতবে।”
তবে দিলীপ ঘোষের এই আক্রমণের পালটা জবাব দিতে ছাড়েনি হাতশিবির। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বামফ্রন্ট জমানায় নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন মিলন প্রধান। না জেনে তাঁর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন দিলীপবাবু। তিনি আরও দাবি করেন, বিজেপি সরকারের বিরুদ্ধে আমজনতার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে; তাই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দমনপীড়ন চালিয়ে নির্বাচনে জিততে চাইছে শাসকদল।