২০০০ টাকার বেশি UPI পেমেন্টে বাড়তি চার্জ? জেনে নিন বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
September 28, 20266:00 pm
সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত বহাল থাকছে ইউপিআই (UPI) লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)। ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের (P2M) উপর কেন্দ্র যে চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে, তার ওপর কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। সোমবার এই সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতে স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে আদালত। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট জবাব তলব করা হয়েছে।
আইনজীবী অঞ্জন দত্ত নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনে এমডিআর (MDR) চালুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলাটি দায়ের করেছিলেন। শুনানিতে কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরামন জানান, দেশের ৯৬ শতাংশ ইউপিআই ব্যবহারকারী এই নিয়মের আওতার বাইরে থাকবেন। বিচারপতিদের বেঞ্চ বিষয়টি মূলত আইনি তর্কের বদলে ‘প্রযুক্তিগত বিষয়’ হিসেবেই পর্যবেক্ষণ করেছে।
নতুন নিয়মটি ঠিক কী? দীর্ঘ ৬ বছর পর আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি পার্সন-টু-মার্চেন্ট (P2M) অর্থাৎ ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ হারে এমডিআর প্রযোজ্য হবে। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, এই চার্জ কোনওভাবেই সাধারণ গ্রাহকদের দিতে হবে না, এটি মার্চেন্ট বা ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। পাশাপাশি, ইউপিআই অ্যাপগুলিকেও গ্রাহকদের থেকে কোনওরকম গোপন চার্জ বা প্ল্যাটফর্ম ফি নিতে নিষেধ করা হয়েছে।
একনজরে চার্জের কাঠামো:
- সাধারণ পেমেন্ট: ২,০০০ টাকার বেশি পেমেন্টে ০.৪% এমডিআর। তবে ৭৫,০০০ বা তার বেশি অঙ্কের ক্ষেত্রে সর্বাধিক ৩০০ টাকা কাটা হবে।
- বিশেষ ক্ষেত্র: জ্বালানি, রেল, টেলিকম, বিমা ও কৃষির মতো প্রয়োজনীয় ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি পেমেন্টে লেনদেন প্রতি সর্বোচ্চ মাত্র ৫ টাকা চার্জ ধার্য হবে।
- বিনিয়োগ: মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ় বা শেয়ার বাজারের লেনদেনের ক্ষেত্রে এই হার আরও কম— ০.০২% (সর্বোচ্চ ৩০০ টাকা)।
সাধারণ মানুষের কি চিন্তার কারণ আছে? একেবারেই নয়। পার্সন-টু-পার্সন (P2P) অর্থাৎ এক ব্যক্তি অন্য ব্যক্তিকে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠালে কোনও চার্জ লাগবে না। শুধুমাত্র বড় অঙ্কের ব্যবসায়িক পেমেন্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন লেনদেন আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকছে।
যেহেতু সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই নতুন নিয়মে কোনও স্থগিতাদেশ দেয়নি, তাই প্রস্তাবিত এই নিয়ম মেনেই আগামী মাস থেকে ইউপিআই লেনদেনের নতুন কাঠামো কার্যকর হতে চলেছে।