হরমুজ প্রণালীতে ইরানের ভয়াবহ হামলা, আহত ৮ মার্কিন নাবিক!
বার্তা ডেস্কঃ
September 28, 20266:08 pm
হরমুজ় প্রণালী: পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার তীব্র উত্তেজনার মাঝেই সামনে এল এক মারাত্মক হামলার খবর। হরমুজ় প্রণালীতে আমেরিকান বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য প্রকাশ্যে এসেছে। NBC News-এর একটি প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর ইরানের একটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল আছড়ে পড়ে একটি জাহাজে, যেখানে আটজন মার্কিন নাবিক আহত হন। তবে রহস্যজনকভাবে, ঘটনার প্রায় ১৫ দিন পর পেন্টাগনের সূত্রের মাধ্যমে এই খবর সামনে এসেছে।
ঘটনার বিবরণ ও মার্কিন নাবিকদের অবস্থা প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, আহত ৮ মার্কিন নাবিক একটি ব্যাটেলিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্ষেপণাস্ত্রটি জাহাজে আঘাত করার পরপরই চারদিকে বিষাক্ত রাসায়নিক ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে নাবিকরা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মাথাব্যথা এবং মস্তিষ্কে আঘাত বা ‘concussion’-এর মতো উপসর্গ দেখা দেয়। তবে মার্কিন আধিকারিকদের দাবি, কারও আঘাতই জীবনঘাতী ছিল না। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা বর্তমানে সুস্থ হয়ে পুনারায় কাজে যোগ দিয়েছেন।
আক্রান্ত জাহাজটি কী মার্কিন নৌবাহিনীর? এই ঘটনার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত জাহাজটি আমেরিকার নৌবাহিনীর নিজস্ব যুদ্ধজাহাজ ছিল না। মার্কিন প্রশাসন বা সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জাহাজটির ধরন বা ঘটনার সময়ে সেটির গোপন মিশন কী ছিল, তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করা হয়নি।
পেন্টাগনের নীরবতা ও বিলম্বের কারণ ১৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটলেও আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করেনি। পেন্টাগনের ‘Defense Casualty Analysis System’ (DCAS)-এর তথ্য অনুযায়ী, ইরান সংক্রান্ত সংঘাতে এ পর্যন্ত ৮৬১ জন মার্কিন সেনাকর্মী আহত হিসেবে নথিভুক্ত হয়েছেন। তবে হরমুজ় প্রণালীর এই ৮ জন নাবিকের নাম তালিকায় যোগ হতে প্রায় ১০ দিন সময় লাগে। এক মার্কিন কর্মকর্তার মতে, এ জাতীয় রাসায়নিক বিষক্রিয়া ও মস্তিষ্কের আঘাতের লক্ষণগুলি সঙ্গে সঙ্গে বোঝা যায় না এবং ক্যাজুয়ালটি ডাটাবেস আপডেট হতেও কিছুটা সময় লাগে।