পুজোর আগেই বড় চমক, ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে সেবা সেতু অভিযান!
বার্তা ডেস্কঃ
September 29, 20267:40 am
কলকাতা: পুজোর আগেই সাধারণ মানুষের সুবিধার্থে বড় পদক্ষেপ! জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের লাভ পৌঁছে দিতে আগামী ২ অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘সেবা সেতু অভিযান’। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এই বিশেষ একক উইন্ডো আউটরিচ (Single-Window Outreach) শিবিরে অন-স্পট আবেদন করার সুযোগ পাবেন নাগরিকরা।
কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে? এই সেবা সেতু অভিযানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের আবেদন ও তথ্য কেন্দ্র খোলা থাকছে। যার মধ্যে উল্লেখযোগ্য:
- কৃষি ও গ্রামীণ উন্নয়ন: পিএম কিষাণ যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, মাটির হেলথ কার্ড, কৃষি পরিকাঠামো তহবিল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা।
- স্বাস্থ্য ও বিমা: আয়ুষ্মান ভারত, পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম জীবনজ্যোতি বিমা যোজনা এবং জন ধন যোজনা।
- শিক্ষা ও সামাজিক সুরক্ষা: অটল পেনশন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অন্নপূর্ণা যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার এবং কন্যাশ্রী/বেটি বাঁচাও যোজনা।
- ব্যবসা ও কর্মসংস্থান: পিএম স্বনিধি এবং মুদ্রা ঋণ।
এ ছাড়া মৎস্য চাষ, খাদ্য সরবরাহ, অনগ্রসর শ্রেণি কল্যাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), বিদ্যুৎ, পঞ্চায়েত, সংখ্যালঘু কল্যাণ এবং কারিগরি শিক্ষা সংক্রান্ত নানা প্রশাসনিক পরিষেবাও এই শিবির থেকে এক ছাদের তলায় মিলবে।
আবেদন করতে সঙ্গে কী কী নথি রাখবেন? সেবা সেতু শিবিরে গিয়ে বিভিন্ন প্রকল্পে দ্রুত আবেদনের জন্য আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের জেরক্স কপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে:
১. আধার কার্ডের জেরক্স
২. ভোটার কার্ডের জেরক্স
৩. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
৪. ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স
৫. কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
৬. জমির প্রয়োজনীয় নথি (কৃষি বা আবাসন সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে)
পুজোর মুখে সরকারের এই আউটরিচ উদ্যোগের মাধ্যমে হাজার হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।