মহালয়ায় বড় চমক, পুজোয় মেট্রোর উপহার পেলেন শহরবাসী!
বার্তা ডেস্কঃ
September 29, 20267:15 am
কলকাতা: কলকাতা মেট্রো রেল নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে নতুন এক মাইলফলক। শহরের গণপরিবহণে গতি আনতে এবং নিত্যযাত্রীদের স্বস্তি দিতে অরেঞ্জ লাইনে দ্রুত কাজ এগোচ্ছে। সব ঠিক থাকলে পুজোর আবহেই— আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন শুরু হয়ে যাচ্ছে মেট্রোর বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ অংশের ট্রায়াল রান।
রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি চিংড়িঘাটা ও সুকান্তনগরের মধ্যবর্তী ৩৬৬ মিটারের ফাঁক পূরণের পর ভায়াডাক্ট এবং রেলপথ বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই গত ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত ট্রলি পরিদর্শনও মেটানো হয়েছে।
ট্রায়াল রান ও কমার্শিয়াল রান নিয়ে বড় আপডেট:
- কী পরীক্ষা হবে: মহালয়া থেকে শুরু হতে যাওয়া ট্রায়াল রানে মূলত ট্রেনের সফটওয়্যার অ্যালাইনমেন্ট, সিঙ্ক্রোনাইজেশন এবং নিরাপত্তা পরীক্ষা করে দেখা হবে।
- কতদিন চলবে: কর্মকর্তা সূত্রে জানা গেছে, এই পরীক্ষা অন্তত এক মাস বা তার কিছু বেশি সময় ধরে চালানো হবে।
- কবে চড়তে পারবেন সাধারণ মানুষ: ট্রায়াল রান সফল হলে চলতি বছরের ডিসেম্বর মাসেই সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হতে পারে এই রুটের মেট্রো পরিষেবা।
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন? বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে ট্রেন চলছে। নতুন অংশটি চালু হলে এর সাথে যুক্ত হবে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশন। ফলে সল্টলেক ও নিউটাউনমুখী আইটি কর্মীদের যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে এবং ইএম বাইপাসের যানজট থেকে বড়সড় মিলবে মুক্তি।
ভবিষ্যৎ পরিকল্পনা: অরেঞ্জ লাইনের পরবর্তী ধাপে সেক্টর ফাইভ থেকে সিটি সেন্টার টু পর্যন্ত পরিষেবা ২০২৭ সালের জুনের মধ্যে চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। আর ২০২৭ সালের শেষ নাগাদ বিমানবন্দর (Airport) পর্যন্ত সংযোগ সম্পূর্ণ হলে এই পুরো করিডরের দৈর্ঘ্য দাঁড়াবে ৩২ কিলোমিটারেরও বেশি।