নন্দীগ্রামে ভোটের আগেই বিজেপির জয়! হাইকোর্টে খারিজ কংগ্রেসের মামলা
বার্তা ডেস্কঃ
September 29, 202612:45 pm
কলকাতা: নন্দীগ্রামের উপনির্বাচনে ভোটগ্রহণের আগেই আইনি লড়াইয়ে বড় জয় পেল বিজেপি। বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিল প্রদেশ কংগ্রেস। তবে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছেন। ফলে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর লড়াইয়ের পথ পরিষ্কার হলো।
ঠিক কী অভিযোগ ছিল? বিজেপি প্রার্থী হাসিরানি রথ নির্বাচন কমিশনে যে হলফনামা বা অ্যাফিডেভিট জমা দিয়েছিলেন, তাতে বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলে দাবি করেছিলেন এক কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ ছিল, হলফনামায় প্রার্থী নিজের বয়স উল্লেখ করেছেন ৬০ বছর, কিন্তু মাধ্যমিক পাসের বছর হিসেবে লিখেছেন ১৯৬৫। বয়সের এই তথ্যে বড়সড় গরমিল রয়েছে— এই দাবি তুলে নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের আবেদন জানানোর পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস।
হাইকোর্টের রায়: মামলাটির শুনানির পর মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দেন যে, বিজেপি প্রার্থীর জমা দেওয়া মনোনয়নে কোনো আইনি খামতি বা খুঁত নেই। ফলে কংগ্রেসের তোলা বয়স সংক্রান্ত অভিযোগ খারিজ হয়ে যায়। আদালতের এই রায়ে বড় ধরনের স্বস্তি পেল গেরুয়া শিবির।
উল্লেখ্য, নন্দীগ্রামের এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রয়াত প্রাক্তন আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের মা। তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিনেও শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত ছিলেন। মনোনয়ন ঘিরে আইনি বিতর্ক তৈরি হলেও, আদালতের রায়ে আপাতত বিজেপির জয়ের পথ মসৃণ রইল।