স্কুল-মন্দিরের পাশে মদের দোকান নয়, আবগারি নিয়মে বড় বদল!
বার্তা ডেস্কঃ
September 30, 20268:38 am
রাজ্যে নতুন মদের দোকান খোলা এবং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নিয়মে বড়সড় পরিবর্তন আনল আবগারি দফতর। সম্প্রতি প্রকাশিত একটি সংশোধনী বিজ্ঞপ্তিতে দোকান খোলার জায়গা, দূরত্ব এবং শপিং মলে মদ বিক্রির ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়ম জারি করা হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান থেকে মদের দোকানের দূরত্বের নিয়মে বড় বদল আসায় ব্যবসা ও সাধারণ মহল—উভয় ক্ষেত্রেই শুরু হয়েছে চর্চা।
দূরত্ববিধিতে কী কী বদল এল?
- পুরসভা ও পুরনিগম এলাকা: স্কুল, কলেজ বা ধর্মীয় স্থানের মতো সংবেদনশীল ও সংরক্ষিত এলাকা থেকে নতুন মদের দোকান অন্তত ৫০০ মিটার দূরে খুলতে হবে।
- গ্রামাঞ্চল বা অন্যান্য এলাকা: গ্রামীণ এলাকায় এই দূরত্ব এক একলফেই অনেকটা বাড়িয়ে করা হয়েছে ১ কিলোমিটার (যেখানে আগে এই নিয়ম ছিল মাত্র ১ হাজার ফুট)।
- প্রবেশপথের নিয়ম: কোনো সংরক্ষিত প্রতিষ্ঠানের যদি একাধিক গেট বা প্রবেশপথ থাকে, তবে যে কোনো একটি প্রবেশপথ থেকে এই নির্দিষ্ট দূরত্ব মেপে নিয়ম প্রয়োগ করা হবে।
শপিং মল ও লাইসেন্স রিক্যাটাগরি
নতুন বিজ্ঞপ্তিতে শপিং মল ও শপিং সেন্টারে বিয়ার, ওয়াইন এবং নির্দিষ্ট শ্রেণির মদ বিক্রির জন্য নতুন বিশেষ সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি, পুরনো বিদেশী মদের ব্যবসায়ীরা শর্তসাপেক্ষে অন্য জায়গায় খুচরো বিক্রির লাইসেন্স বদলের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কালেক্টর সরজমিনে তদন্ত করবেন এবং আবগারি কমিশনার অনুমোদন দিলেই নির্দিষ্ট ফি জমা দিয়ে মিলবে নতুন লাইসেন্স। এছাড়া, বর্তমানে চালু নির্দিষ্ট শ্রেণির দোকানে অন্য ক্যাটাগরির আওতায় সব ধরনের মদ বিক্রির পথও সুগম করা হয়েছে।
তবে যারা নতুন বিজ্ঞপ্তি কার্যকর হওয়ার আগেই রাজ্য সরকারের থেকে প্রাথমিক অনুমোদন বা লাইসেন্স পেয়ে গেছেন, তাঁদের ক্ষেত্রে এই নতুন দূরত্ববিধি প্রযোজ্য হবে না। মূলত রাজ্যে মদ বিক্রির পুরো পরিকাঠামোয় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।