PPF ও সুকন্যা সমৃদ্ধিতে কি বাড়বে সুদ, আজই বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
বার্তা ডেস্কঃ
September 30, 202610:12 am
অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির (Small Savings Schemes) সুদের হার নিয়ে আজ, ৩০ সেপ্টেম্বর বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, NSC এবং পোস্ট অফিসের বিভিন্ন ডিপোজিটের সুদের হারে বদল আসবে কি না, সেদিকেই নজর দেশবাসীর।
কেন বাড়তে পারে সুদের হার?
- মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি: চলতি বছরের এপ্রিলে মুদ্রাস্ফীতি ছিল ৩.৪৮%, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৪.৮২ শতাংশে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় আমজনতার ওপর চাপ তৈরি হয়েছে।
- সরকারি বন্ডের দাম বৃদ্ধি: ১০ বছর মেয়াদী সরকারি বন্ডের ইল্ড সম্প্রতি ৭%-এর ওপরে উঠে গিয়েছে। শ্যামলা গোপীনাথ কমিটির নিয়ম অনুযায়ী, সরকারি বন্ডের ইল্ড বাড়লে ক্ষুদ্র সঞ্চয়েও সুদের হার বাড়ানোর সুপারিশ রয়েছে।
দীর্ঘ দেড় বছর পর কি মিলবে সুখবর?
সরকার শেষবার ২০২৪ সালের ডিসেম্বরে সুকন্যা সমৃদ্ধি এবং ৩ বছরের পোস্ট অফিস ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল। তারপর থেকে দীর্ঘ সময় সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, অর্থনৈতিক সূচকগুলি সুদের হার বাড়ানোর পক্ষে থাকলেও, কেন্দ্র হার অপরিবর্তিতও রাখতে পারে।
এক নজরে বর্তমানে কোন প্রকল্পে কত সুদ মিলছে?
| প্রকল্পের নাম | বর্তমান সুদের হার |
| সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | ৮.২০% |
| সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | ৮.২০% |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | ৭.৭০% |
| ৫ বছরের পোস্ট অফিস এফডি (FD) | ৭.৫০% |
| পিপিএফ (PPF) | ৭.১০% |
| ৩ বছরের পোস্ট অফিস এফডি (FD) | ৭.১০% |
| ২ বছরের পোস্ট অফিস এফডি (FD) | ৭.০০% |
| ১ বছরের পোস্ট অফিস এফডি (FD) | ৬.৯০% |
| পোস্ট অফিস আরডি (RD) | ৬.৭০% |
| মান্থলি ইনকাম স্কিম (MIS) | ৬.৭০% |
| পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট | ৪.০০% |