অনুব্রতের সামনেই তৃণমূল অফিসে তাণ্ডব, লাঠি হাতে হামলা ও আটক ৩!
বার্তা ডেস্কঃ
বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়ে চরম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার সন্ধ্যায় সিউড়ি পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন কার্যালয়ে অনুব্রত যখন নেতাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত, তখন আচমকাই লাঠি ও গাছের ডাল হাতে ভিতরে ঢুকে পড়ে তিন যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে, অনুব্রতের চোখের সামনেই অফিস ঘরের চেয়ার, টেবিল, কাচের জানলা থেকে শুরু করে এসিতে চরম ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া হয় অনুব্রতের সামনে থাকা কাচের টেবিলটিও, যার টুকরোয় তিনি সামান্য আহত হন। এমনকি তাঁকে সিউড়িতে আর না আসার হুমকিও দেওয়া হয়।
হঠাৎ এই হামলায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। আটক হামলাকারীদের দাবি, দীর্ঘদিনের ক্ষোভের কারণেই কোনো রাজনৈতিক দলের ছত্রচ্ছায়া ছাড়া তাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাণ্ডব চালানো তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অনভিপ্রেত এই ঘটনার পর কড়া পুলিশি নিরাপত্তায় অনুব্রত মণ্ডলকে নিরাপদে বোলপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, নেপথ্যে কেবল স্থানীয় ক্ষোভই ছিল, নাকি এর পিছনে আগে থেকে তৈরি অন্য কোনো পরিকল্পনা রয়েছে।