১ অক্টোবর থেকে বদলে গেল ৫ বড় নিয়ম, আপনার পকেটে কি টান পড়বে?
বার্তা ডেস্কঃ
আজ, ১ অক্টোবর থেকে দেশজুড়ে আর্থিক ও প্রশাসনিক একাধিক নিয়মে কার্যকর হল গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) নিয়ম থেকে শুরু করে রান্নার গ্যাসের ভর্তুকি এবং জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন—সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে এই নতুন নিয়মগুলি। জেনে নিন প্রধান ৫টি বড় পরিবর্তন:
১. LPG ভর্তুকির জন্য বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক
ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাস গ্রাহকদের জন্য বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট সময়ে যাচাই না করলে গ্যাস সংযোগ বন্ধ বা সিলিন্ডার সরবরাহ আটকাবে না, তবে ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা জমা হওয়া বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বাজার দরেই রিফিল বুক করতে হবে।
২. ব্যাংকের ফিক্সড ডিপোজিট (FD) ও সুদের হার
রিজার্ভ ব্যাংকের (RBI) নতুন নির্দেশিকা অনুযায়ী, একই দিনে জমা করা সমান অঙ্কের ওপর কোনো ব্যাংক তার সব শাখায় আলাদা সুদের হার দিতে পারবে না। পাশাপাশি, স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংককে প্রতিদিন সকাল ১০টার মধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন FD সুদের হার আপডেট করতে হবে।
৩. SBI-এর নগদ টাকা তোলার নতুন চার্জ
SBI-এর বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য নগদ টাকা তোলার নিয়মে বদল এসেছে। প্রতি মাসে ৪ বার বিনামূল্যে টাকা তোলা যাবে। তবে পঞ্চম বার থেকে প্রতি লেনদেনে ১৫ টাকা এবং সঙ্গে প্রযোজ্য GST চার্জ কাটা হবে।
৪. জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনে কড়া নিয়ম
জন্ম বা মৃত্যুর ২১ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা হলে তা সম্পূর্ণ বিনামূল্যে ও সাধারণ নিয়মে করা যাবে। তবে ২১ দিন পেরিয়ে গেলে লেট ফি এবং হলফনামা জমা দিতে হবে। ১ থেকে ২ বছরের বিলম্ব হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ২ বছরের বেশি দেরি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদনের প্রয়োজন হবে।
৫. দাম বাড়ছে টিভি, এসি ও ওয়াশিং মেশিনের
উৎসবের মরসুমেই পকেটে টান পড়তে চলেছে সাধারণ মানুষের। তামা, ইস্পাত ও কাঁচামালের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির কারণে LED TV, AC এবং ওয়াশিং মেশিনের মতো গৃহস্থালি সামগ্রীর দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে প্রস্তুতকারী সংস্থাগুলি।