মদের দোকান খোলার নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ আবগারি বিধি, ২০০৩-এ সংশোধনের মাধ্যমে নতুন মদের দোকান খোলার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নয়া বিধি অনুযায়ী, শহর ও শহরতলির ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র থেকে মদের দোকানের সর্বনিম্ন দূরত্ব ১,০০০ ফুট (৩০৫ মিটার) থেকে বাড়িয়ে ৫০০ মিটার করা হয়েছে এবং পুরসভার বাইরের এলাকার জন্য এই দূরত্ব নির্ধারণ করা হয়েছে এক কিলোমিটার। তবে এই কড়াকড়ি কেবল নতুন লাইসেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, পুরনো চালু দোকানগুলোর ওপর এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি, শপিং মল ও বড় শপিং সেন্টারগুলোর বিয়ার, এলএবি এবং ওয়াইন দোকানের ক্ষেত্রেও আনা হয়েছে একাধিক সংশোধন।
রাজ্য সরকারের এই পদক্ষেপে নতুন লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও সুনির্দিষ্ট হবে। নতুন বিজ্ঞপ্তিতে ‘নতুন সাইট’ ও ‘বিদ্যমান সাইট’-এর সংজ্ঞা স্পষ্ট করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া দোকান নতুন করে খোলার সুযোগ রাখা হয়েছে। এফএল ট্রেড লাইসেন্সধারীরা জেলা প্রশাসন ও আবগারি কমিশনারের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত ফি জমা দিয়ে নতুন লাইসেন্স পাবেন। ব্যবসায়ীরা এই সময়োপযোগী সংশোধনকে স্বাগত জানিয়ে বলছেন, নতুন নিয়মের ফলে তাঁরা যেমন উপকৃত হবেন, তেমনই ব্যবসায়িক পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে।