অবশেষে কাটল দীর্ঘদিনের উৎকণ্ঠা, রাজ্য শিক্ষাদপ্তরের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমগ্র শিক্ষা মিশনের অধীনে কর্মরত ১৩ ধরণের চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির পুর্ণাঙ্গ সরকারি অর্ডার জারি করল রাজ্য শিক্ষাদপ্তর। বহু দিন আগেই এই বেতন বৃদ্ধির মৌখিক ঘোষণা হলেও এতদিন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় শিক্ষক মহলে তীব্র দুশ্চিন্তা ও সংশয় তৈরি হয়েছিল। অবশেষে বুধবার রাজ্য শিক্ষাদপ্তরের এই নির্দেশের ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছেন হাজার হাজার শিক্ষক ও কর্মচারী। আগামী ১ অক্টোবর থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হতে চলেছে।

নতুন এই সরকারি আদেশনামা অনুযায়ী, প্রাথমিক স্তরের প্যারাটিচারদের বেতন বেড়ে ১৬,৯৪১ টাকা এবং উচ্চ প্রাথমিকে ২০,৫২৩ টাকা করা হয়েছে। এছাড়া শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এসএসকে ও এমএসকে-র শিক্ষা সহায়ক ও সম্প্রসারকদের বেতন পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ম্যানেজমেন্ট স্টাফ সহ জেলা পর্যায়ের শিক্ষা আধিকারিকদের পিএ-দের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ল। অন্যদিকে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েও বৃত্তিমূলক শিক্ষক ও দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া মাদ্রাসা আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের বকেয়া মেটানোর দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *