মেট্রোতেই বাজিমাত, যানজট এড়িয়ে কলকাতার সেরা পুজো মণ্ডপ ঘোরার সহজ উপায়!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোয় শহরের যানজট এড়িয়ে দ্রুত ও নিরাপদে প্যান্ডেল হপিংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা এখন মেট্রো রেল। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলিতে পৌঁছাতে মেট্রো সংযোগ এক দারুণ সুবিধা এনে দিয়েছে। দক্ষিণেশ্বর বা দমদম থেকে শ্যামবাজার ও শোভাবাজার স্টেশনে নামলেই মিলবে দমদম পার্ক, টালা প্রত্যয়, শ্রীভূমি, বাগবাজার সর্বজনীন এবং কাশী বোস লেনের মতো নজরকাড়া পুজো। অন্যদিকে গিরিশ পার্ক ও কলেজ স্কোয়ার অঞ্চলের নামী মণ্ডপগুলোতে সহজেই যাতায়াত করা সম্ভব।
দক্ষিণ ও মধ্য কলকাতার ভিড় টানা মণ্ডপগুলোর জন্যও মেট্রো পথই সেরা। কালীঘাট, যতীন দাস পার্ক বা রবীন্দ্র সরোবর স্টেশনে নেমে সহজেই পৌঁছানো যাবে চেতলা অগ্রণী, ম্যাডক্স স্কয়্যার, দেশপ্রিয় পার্ক, একডালিয়া এভারগ্রিন ও সুরুচি সংঘের মতো তারকা পুজোতে। গ্রিন ও অরেঞ্জ লাইনের দৌলতে সন্তোষ মিত্র স্ক্যার থেকে সল্টলেকের এফডি ব্লক বা রুবি সংলগ্ন পুজো ঘুরে নেওয়া এখন একেবারেই সহজ। পুজোর দিনগুলিতে গভীর রাত পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকায় নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক পুজো পরিক্রমা উপভোগ করতে পারেন দর্শনার্থীরা।