সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, মিলছে রোবোটিক সার্জারি ও ক্যাশলেস সুবিধা!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (WBHS) নগদহীন চিকিৎসার সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করায় রাজ্য সরকারকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই বর্ধিত সীমা ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে। তবে একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী, গ্র্যান্ট-ইন-এইড কর্মী এবং পেনশনভোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে এই কর্মচারী সংগঠন। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগ্রামী যৌথ মঞ্চের পেশ করা প্রস্তাবগুলোর মধ্যে প্রধান হলো সমস্ত গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের নগদহীন সুবিধাসহ এই স্বাস্থ্য প্রকল্পের অধীনে আনা এবং অবসরের পরেও তাঁদের এই সুবিধা বজায় রাখা। পাশাপাশি modern রোবোটিক সার্জারির মতো উন্নত চিকিৎসা পদ্ধতিকে প্রকল্পের আওতাভুক্ত করার আবেদন জানানো হয়েছে। জরুরি পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হতে সমস্যা হলে তা দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ হেল্পলাইন চালু এবং অনলাইন অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠনটি। তাঁদের মতে, এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে সরকারি কর্মী ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে।