কলকাতায় রিলায়েন্সের বিশাল বিনিয়োগ! আসছে নতুন চমক?
বার্তা ডেস্কঃ
শিক্ষা থেকে শুরু করে শিল্প—সবক্ষেত্রেই সার্বিক সংস্কারের লক্ষ্যে কাজ করবে নতুন সরকার। বুধবার পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সার্বিক উন্নয়ন ও শিল্পায়নে ইতিবাচক অগ্রগতির ঘোষণা করার পাশাপাশি তিনি জানান, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুব শীঘ্রই রাজ্যে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করতে চলেছে। মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের সক্রিয় উদ্যোগে মে মাসে সরকার গঠনের পর থেকেই রাজ্যে নতুন শিল্পের পথ সুগম হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আজই মুম্বাই থেকে রিলায়েন্সের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছেছে। সম্প্রতি মুম্বাইয়ে ‘অ্যান্টিলিয়া’-তে মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে বৈঠকে রাজ্যে ৫ থেকে ৬টি সেক্টরে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব উঠে এসেছিল। চলতি মাসের শুরুতে ‘রাইজিং ভারত সামিট’-এ মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, সংস্থাটি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাব এবং ডেটা সেন্টার নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। এই পদক্ষেপে রাজ্যে কর্মসংস্থান ও শিল্পায়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।