মন্দারমণি যাচ্ছেন? সমুদ্রে নামার আগে জানুন পুলিশের ৬ কড়া নিয়ম!

বার্তা ডেস্কঃ

মন্দারমণি: সমুদ্রে নেমে দুর্ঘটনা ও পর্যটকদের মৃত্যুর ঘটনা রুখতে এবার কোমর বেঁধে নামল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। প্রশাসনের নজর এড়িয়ে বিপজ্জনক স্থানে জলে নামার প্রবণতা বন্ধ করতে সৈকতজুড়ে জারি করা হয়েছে একগুচ্ছ কড়া নির্দেশিকা।

বিপদ এড়াতে সমুদ্রতটের বিপজ্জনক এলাকাগুলিকে চিহ্নত করে তৈরি করা হয়েছে ‘রেড জোন’। বিশেষ করে মন্দারমণি উপকূল এলাকার ৩ নম্বর ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বাঁশের ঘেরা দিয়ে লাল কাপড়ের সংকেত টাঙিয়ে দেওয়া হয়েছে।

পুলিশের প্রধান ৬টি নির্দেশিকা:

  • সীমিত জলসীমা: হাঁটু সমান জলের বেশি গভীরতায় সমুদ্রে নামা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • মদ্যপানে নিষেধাজ্ঞা: মদ্যপ অবস্থায় সৈকত এলাকায় ঘোরাঘুরি বা সমুদ্রের কাছে যাওয়া যাবে না।
  • পরিচ্ছন্নতা রক্ষা: সমুদ্রতটে প্লাস্টিক বা কোনো ধরনের নোংরা-আবর্জনা ফেলা যাবে না।
  • মোহনায় নামা বন্ধ: নদীর মোহনা সংলগ্ন বিপজ্জনক এলাকায় সমুদ্রে নামা পুরোপুরি নিষিদ্ধ।
  • হোটেলের সময়সীমা: রাত ১০টার পর সমস্ত হোটেলের মূল ফটক/দরজা বন্ধ রাখা বাধ্যতামূলক।
  • সতর্কতামূলক মাইকিং: সৈকতজুড়ে লাউডস্পিকারে অনবরত সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা জানান, “পর্যটকেরা যাতে নিরাপদে ও আনন্দদায়ক পরিবেশে মন্দারমণি উপভোগ করতে পারেন, সেই কারণেই এই নিয়মগুলো কার্যকর করা হয়েছে। বিপজ্জনক এলাকাগুলি ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ অসাবধানতাবশত সেখানে না যান।”

পুলিশের এই পদক্ষেপকে পর্যটকেরা সাধুবাদ জানালেও স্থানীয়দের একাংশের মতে, কেবল নিয়ম করলেই হবে না, পর্যটকদের নিজেদেরও সচেতন হতে হবে। তবে পুলিশ জানিয়েছে, নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *