পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের! ন্যাটোর সঙ্গে কি শুরু হচ্ছে বিশ্বযুদ্ধ?
বার্তা ডেস্কঃ
মস্কোয় আয়োজিত ভালদাই ফোরামে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের কড়া হুঙ্কার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী কালিনিনগ্রাদ বা রাশিয়ার অন্য কোনো অঞ্চলে যদি সরাসরি সামরিক হামলা চালানো হয়, তবে মস্কো চুপ করে বসে থাকবে না। ইউরোপকে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার না থাকলেও, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সমস্ত অস্ত্রভাণ্ডার, এমনকি পরমাণু শক্তিও প্রয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
পুতিনের এই বিস্ফোরক মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটোর মহাসচিব মার্ক রুট জানিয়েছেন যে ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং এই ধরনের পারমাণবিক হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই মস্কো ও পশ্চিমা দেশগুলির মধ্যকার সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। পুতিনের সতর্কবার্তা, বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে তা এমন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না।