যন্তর মন্তরে তুলকালাম! নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে উত্তাল আপ-কংগ্রেস

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (SIR) বড় ধরনের কারচুপির অভিযোগ তুলে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির রাজনীতি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করে আম আদমি পার্টি (আপ), ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস এবং বিভিন্ন ছাত্র সংগঠন।

পুলিশের বলপ্রয়োগ ও গ্রেপ্তার: পূর্বানুমতি না থাকায় সকাল থেকেই পুরো এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলে দিল্লি পুলিশ। বিক্ষোভকারীরা জমায়েত হতেই পুলিশ বাধা দেয়। আপ-এর শীর্ষ নেতা ও মুখপাত্র সৌরভ ভরদ্বাজসহ একাধিক আন্দোলনকারীকে কার্যত টেনেহিঁচড়ে চাটায় তুলে আটক করে পুলিশ। তবুও আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতারা। এই বিক্ষোভে সামিল ছিলেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, রাজ্যসভার সাংসদ মনোজ ঝা এবং এআইএসএ (AISA)-র সভানেত্রী নেহা বোরা।

স্তব্ধ দিল্লি, বন্ধ একাধিক মেট্রো স্টেশন: পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লির বিস্তীর্ণ এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করা হয়েছে। ফলে সমস্ত ধরনের মিছিল, সভা ও ব্যানার বহনে নিষেধাজ্ঞা রয়েছে। নিরাপত্তার তাগিদে বন্ধ রাখা হয়েছে জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, মান্ডি হাউস, লোক কল্যাণ মার্গ এবং নয়াদিল্লির মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলো।

বিরোধীদের মূল অভিযোগ: বিরোধী দলগুলোর দাবি, কৌশল করে ভোটার তালিকা থেকে কোটি কোটি সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটাধিকারের ওপর বড় আঘাত। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির প্রাণকেন্দ্রে চরম যানজট ও আইনশৃঙ্খলা নিয়ে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *