পুজোর আগেই শহরবাসীর জন্য সুখবর, পাড়ায় পাড়ায় ১৫৭টি বিশেষ ক্যাম্প শুরু!

বার্তা ডেস্কঃ

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পুজোর মুখে এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পৌরসভা (KMC)। শুক্রবার থেকেই শহরজুড়ে শুরু হচ্ছে বিশেষ ক্যাম্প। জানা গিয়েছে, নাগরিকদের সুবিধার্থে কলকাতা জুড়ে মোট ১৫৭টি বিশেষ শিবিরের আয়োজন করেছে পুরসভা। এই শিবিরগুলি থেকেই একলপ্তে ৪৬টি সরকারি পরিষেবার সুবিধা পাবেন সাধারণ মানুষ।

কী কী পরিষেবা মিলবে এই ক্যাম্প থেকে? এই শিবিরগুলির মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। যার মধ্যে অন্যতম হল— প্রধানমন্ত্রী জন ধন যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বার্ধক্যভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, পিএম বিশ্বকর্মা এবং পিএম স্বনিধির মতো প্রকল্প। এছাড়াও রিয়েল এস্টেট সংক্রান্ত (RERA) বিভিন্ন পরিষেবা এবং ক্ষতিপূরণের দাবি (ফর্ম-এন) সরাসরি এই শিবিরগুলি থেকে দাখিল করা যাবে।

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা শুধু সরকারি প্রকল্পই নয়, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই ক্যাম্পগুলিতে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং যক্ষ্মা (টিবি)-র মতো রোগের বিনামূল্যে পরীক্ষাও করা হবে। পাশাপাশি, সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ প্রচার কর্মসূচিও চালানো হবে।

কী বলছে পুরসভা? পৌর কমিশনার ও কেএমসি প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, “রাজ্যের ১৫টি পৃথক দপ্তর মোট ৪৬ ধরনের পরিষেবা প্রদান করবে। নাগরিকরা নিজেদের এলাকার ক্যাম্প থেকেই আবেদন করতে পারবেন এবং রাজ্য সরকার সরাসরি সেই আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”

অতীতে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচেই এবার পাড়ায় পাড়ায় এই ক্যাম্পগুলি শুরু হয়েছে। পুরসভার আধিকারিকদের মতে, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ অনেক দ্রুত এবং সহজে জরুরি পরিষেবাগুলি পাবেন। নাগরিকদের সাহায্য করার জন্য পুরকর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা কোনোভাবেই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *