চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই! পার্ক সার্কাসে পুলিশের সঙ্গে তুলকালাম মিছিলের!
বার্তা ডেস্কঃ
কলকাতা: বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তি এবং সংখ্যালঘুদের ওপর লাগাতার সহিংসতার প্রতিবাদের আঁচ এবার সরাসরি এসে পড়ল খাস কলকাতায়। শুক্রবার কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশন অভিযান ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পার্ক সার্কাস ও কড়েয়া চত্বরে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ন্যাশনাল কাউন্সিল অফ পাবলিক ইন্টারেস্ট (NCPI)-এর ডাকে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল বাংলাদেশ উপ-হাই কমিশনের দিকে রওনা দেয়। মিছিলে শামিল হওয়া সাধু-সন্ত ও সাধারণ মানুষ চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবিতে এবং সনাতনী সম্প্রদায়ের ওপর চলা হামলার বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন।
আন্দোলনকারীদের ঠেকাতে আগে থেকেই উপ-হাই কমিশনের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছিল। নির্দিষ্ট ব্যারিকেডের সামনে মিছিল পৌঁছানোর পরই শুরু হয় মূল সংঘাত। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও তীব্র বচসা বেধে যায়। চরম উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।