অভিষেকের নিশানায় কাকলি ঘোষ দস্তিদার, স্পিকারকে চিঠি দিয়ে উগরে দিলেন চরম ক্ষোভ!

বার্তা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেসে ভাঙন ও সংসদীয় রাজনীতিতে টানাপোড়েনের মাঝেই নতুন রাজনৈতিক উত্তাপ ছড়াল সংসদীয় স্থায়ী কমিটিগুলোর নিয়োগ প্রক্রিয়া। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সার ও রাসায়নিক বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভায় মমতা তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে ‘সংসদীয় রীতিনীতির পরিপন্থী’ উল্লেখ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে কড়া ভাষায় চিঠি লিখেছেন তিনি।

কী নিয়ে বিরোধ? সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদারসহ তৃণমূলের ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেন। এরপরই ওই সাংসদদের পদ বাতিলের দাবি জানিয়ে স্পিকারের কাছে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন তিনি। অভিষেকের অভিযোগ, দলত্যাগী সাংসদদের সদস্যপদ বাতিলের আবেদন ঝুলে থাকা সত্ত্বেও কী করে কাকলি ঘোষ দস্তিদারকে সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হলো? এছাড়া, সংসদের খাতায় তাঁরা এখনও তৃণমূলেরই সাংসদ হিসেবে নথিভুক্ত রয়েছেন— এই পরিস্থিতিতে স্পিকার কোন দলের সাংসদ হিসেবে তাঁকে এই পদ দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক।

জোড়া ধাক্কায় শূন্য হাত তৃণমূলের শুধু কাকলির নিয়োগই নয়, বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকেও তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সার ও রাসায়নিক কমিটির প্রধান ছিলেন কীর্তি আজাদ। সব মিলিয়ে মমতা তৃণমূলের কোনো সদস্যই আর কোনো সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে রইলেন না।

কী বলছে তৃণমূল নেতৃত্ব? মমতা তৃণমূলকে একটিও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ না দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দল। রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এই বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষোভ উগরে দিয়েছেন। চিঠিতে ডেরেক বিস্ফোরক অভিযোগ করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সংসদ যেন এক গভীর অন্ধকারে পরিণত হয়েছে।

এদিকে স্পিকারের কাছে অবিলম্বে কাকলি ঘোষ দস্তিদারকে চেয়ারম্যান করার নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় শীতকালীন অধিবেশনের আগে সংসদ চত্বরে রাজনৈতিক সমীকরণ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *